বর্জ্য অপসারণ ও ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশনের পথ সচল এবং ডেঙ্গু প্রতিরোধে আগামী ৪৮ ঘণ্টার (৩০ ও ৩১ মে, শনি ও রবিবার) মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি।
ঈদের দ্বিতীয় দিন (শুক্রবার) বিকেলে রাজধানীর বর্জ্য অপসারণ কার্যক্রম যথাযথভাবে চলছে কি না, তা সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই আকস্মিক পরিদর্শনের সময় তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালামকে কোনো পূর্বাবাস ছাড়াই তাঁর গাড়িতে তুলে নেন। ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালিয়ে তিনি গুলশান, হাতিরঝিল, যাত্রাবাড়ী, বংশাল, ধানমন্ডি ও ফার্মগেটসহ রাজধানীর প্রায় সব প্রধান সড়ক ও এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন। বর্জ্য ব্যবস্থাপনায় এই চরম অবহেলার দায়ে তিনি তাৎক্ষণিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেন।
আসন্ন বর্ষা মৌসুমের আগে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধনে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ঢাকার সর্বত্র দৃশ্যমান পরিবর্তন না এলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন পত্রিকা কীভাবে লিখেছে
প্রতিটি পত্রিকা কোথায় দাঁড়িয়েছে